মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে গোড়াই শিল্পাঞ্চলের ইয়াবা ব্যবসায়ী ও মাদক সম্্রাট শাকিল অবশেষে পুলিশের হাতে গ্রেফতার হয়েছে। আজ মঙ্গলবার রাতে গোড়াই এলাকার সোহাগপাড়া থেকে মাদক বিক্রির সময় পুলিশ তাকে গ্রেফতার করে। তার পিতার নাম আলমাস। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর মাদক কারবারী সুমন ও তার সহযোগিরা পালিয়ে যায়।
গোড়াই এলাকার ভুক্তভোগিরা অভিযোগ করেন, মাদক সম্্রাট শাকিল, সুমন ও তাদের সঙ্গে জড়িত অন্তত ৩০-৩৫ জন মাদক কারবারি সোহাগপাড়া, কোদালিয়া, গোড়াই লালবাড়ি, নাজিরপাড়া, পালপাড়া, মৈশালপাড়া, সৈয়দপুর, হাটুভাঙ্গা অভার ব্রিজ এলাকা, ক্যাডেট কলেজ ও রাজাবাড়ি এলাকায় মাদকের সম্রাজ্য গড়ে তুলেছে। দীর্ঘ দিন ধরে পুরো গোড়াই শিল্পাঞ্চলে এই চক্রের সদস্যরা ইয়াবা, গাজা, ফেনসিডিল ও চোলাই মদসহ বিভিন্ন ধরনের মাদক ক্রয়-বিক্রয় করে আসছে। মাদক কারবারিদের কারনে গোড়াই এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাই ও মোটর সাইকেল চুরিসহ দীর্ঘ দিন ধরে আইন-শৃঙ্খলার চরম অবনতি হয়েছে বলে ভুক্তভোগিদের অভিযোগ।
এদিকে আজ মঙ্গলবার রাতে সোহাগপাড়া এলাকায় গোড়াই উচ্চ বিদ্যালয়ের উত্তর পাশে ইয়াবা বিক্রির সময় গোপন সংবাদ পেয়ে দেওহাটা পুলিশ ফাঁড়ির একদল পুলিশ সদস্য অভিযানে নামেন। অভিযানের সময় মাদক সম্্রাট শাকিল গ্রেফতার হলেও সুমনসহ অপর মাদক কারবারিরা পালিয়ে যায়।
এ ব্যাপারে দেওহাটা পুলিশ ফাঁড়ির ইনচার্জ অভিযোগ স্বীকার করে বলেন, মাদক বিক্রির সময় শাকিলকে গ্রেফতার করা হয়েছে। তার সহযোগিরা পালিয়ে যায়। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে। এ ব্যাপারে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।






