মীর আনোয়ার হোসেন টুটুল,
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ৯ নং বহুরিয়া ইউনিয়নের ৬৬ নং বহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠ দখল হয়ে সাপ্তাহিক দুই দিন হাট এবং প্রতিনিয়ত বাজার বসায় পাঁচ শতাধিক ক্ষুদে শিক্ষার্থীর পড়াশোনার মারাত্বক সমস্যার সৃষ্টি হচ্ছে। বিদ্যালয়ের মাঠে হাট ও বাজার বসায় পড়াশোনার পাশাপাশি ক্ষুদে শিক্ষার্থীরা খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। দীর্ঘ দিন ধরে স্কুলের মাঠ দখল হয়ে হাট ও বাজার বসলেও উপজেলা শিক্ষা অফিস, প্রশাসন এবং স্থানীয় ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে প্রয়োজনীয় কোন ব্যবস্থা গ্রহণ না করায় ক্ষুদে শিক্ষার্থী ও আভিভাবকদের মধ্যে বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। অথচ ইউনিয়ন পরিষদের সামনে এই বিদ্যালয় ও খেলার মাঠ। আজ শনিবার বহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে খোঁজ নিয়ে ঘটনার সত্যতা পাওয়া গেছে।
জানা গেছে, ৬৬ নং বহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় একটি পুরনো বিদ্যাপিঠ। ৪-৫ টি গ্রামের শিশুরা এই বিদ্যালয়ে পড়াশোনা করে আসছে। শিক্ষার গুনগত মান এবং পরীক্ষার ফলাফলও সন্তোষজনক। নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বিদ্যালয়ে বর্তমান শিক্ষার্থী রয়েছে পাঁচ শতাধিক। ১০-১২ জন অভিভাবক অভিযোগ করেন, বিদ্যালয়ের সামনে বিশাল একটি খেলার মাঠ রয়েছে। মাঠ থাকলেও শিশুরা খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে। এর মুল কারন হচ্ছে প্রশাসন এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের অসহযোগিতার কারনে দীর্ঘ দিন মাঠটি দখল হয়ে প্রতি শনি ও বুধবার সাপ্তাহিক দুই দিন হাট বসে এবং প্রতি দিন সকাল থেকে রাত পর্যন্ত বসে বাজার। স্কুলের মাঠে জনসমাগম হওয়ায় শিশুরা খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে। এছাড়া হাট ও বাজারের ময়লা আবর্জনায় বিদ্যালয়ের আশপাশে পচা দুর্গন্ধে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মারাত্বক সমস্যা হচ্ছে। শিক্ষার্থী ও অভিভাবকসহ সচেতন মহল স্কুলের মাঠ থেকে হাট ও বাজার সরানোর জন্য বারবার অনুরোধ করলেও আজ পর্যন্ত কোন কাজে আসেনি।
এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, বিদ্যালয়ের মাঠে হাট ও বাজার বসায় শিক্ষক ও ক্ষুদে শিক্ষার্থীদের পড়াশোনাসহ খেলাধুলার মারাত্বক সমস্যার সৃষ্টি হচ্ছে। বিষয়টি তিনি বাজার কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক এবং স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে অবহিত করেছেন। তারপরও মাঠ থেকে হাট ও বাজার সরানোর কোন উদ্যোগ গ্রহণ করেনি। বিষয়টি দ্রুত সমাধানের জন্য প্রশাসনসহ উর্ধ্বন কতৃপক্ষের সহযোগিতা চেয়েছেন তিনি।
এ ব্যাপারে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. আওলাদ হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বরেন, স্কুলের মাঠে হাট ও বাজার বসছে দীর্ঘ দিন ধরে। তিনি সভাপতি নির্বাচিত হওয়ার পর শিক্ষার সুষ্ঠু পরিবেশ রাখার লক্ষে বিদ্যালয়ের মাঠ থেকে হাট ও বাজার সরানোর জন্য ইউপি চেয়ারম্যান এবং বাজার কমিটির সদস্যদের অনুরোধ করেছেন। নানা সমস্যা দেখিয়ে বাজার কমিটি হাট ও বাজার সরিয়ে নিচ্ছে না।
এ ব্যাপারে মির্জাপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সহকারি শিক্ষা অফিসার ও বহুরিয়া ক্লাস্টারের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শর্মিষ্টা রায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ৬৬ নং বহুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের খেলার মাঠে হাট ও বাজার বসার সমস্যা দীর্ঘ দিনের। এখানে জমি নিয়েও রয়েছে সমস্যা। প্রধান শিক্ষক, স্কুল কমিটি, বাজার কমিটি এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের সঙ্গে বসে বিষয়টির সমাধান করা হবে বলে তিনি জানিয়েছেন।


