মীর আনোয়ার হোসেন টুটুল,
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১৩৬, টাঙ্গাইল-৭ মির্জাপুর নির্বাচনী এলাকায় স্বতন্ত্র এমপি পদে নির্বাচন করতে উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন প্রবীণ আওয়ামীলীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু। আজ সোমবার (২৭ নভেম্বর) মীর এনায়েত হোসেন মন্টুর পদত্যাগপত্র গ্রহণ করে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয় স্থানীয় সরকার বিভাগের উপসচিব ড. মাসুরা বেগম মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপন জারি করেছেন। প্রজ্ঞাপনে বলা হয়েছে উপজেলা পরিষদ আইন, ১৯৮৮ (উপজেলা পরিষদ সংসোধন আইন ২০১১ এর ১২ (১) ধারা অনুযায়ী পদত্যাগ গৃহিত হইল এবং ২৯ নভেম্বর ২০২৩ তারিখ থেকে পদত্যাগ কার্যকর হইবে।
জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টুর বাড়ি গোড়াই ইউনিয়নের নাজিরপাড়া গ্রামে। তিনি ১০ নং গোড়াই ইউনিয়ন পরিষদের পাঁচ বারের চেয়ারম্যান এবং মির্জাপুর উপজেলা পরিষদের তিন বারের চেয়ারম্যান। বর্তমানেও তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। তিনি মির্জাপুর উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি, মির্জাপুর উপজেলা আওয়ামীলীগ ও টাঙ্গাইল জেলা আওয়ামীলীগের সহসভাপতি ছিলেন। তিনি বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতির দায়িত্ব পালন এবং স্থানীয় সরকার বিভাগের একজন আইন প্রণেতা ছিলেন। মীর এনায়েত হোসেন মন্টুর ছোট ভাই মীর শরীফ মাহমুদ উপজেলা আওয়ামীলীগের বর্তমান সভাপতি, ছোট ছেলে মীর মইন হোসেন রাজিব উপজেলা আওয়ামীলীগের সদস্য ও টাঙ্গাইল জেলা যুবলীগের সাবেক সহসম্পাদক এবং তার বড় ভাই মীর দৌলত হোসেন বিদ্যুৎ টাঙ্গাইল জেলা শ্রমিকলীগের সভাপতি ছিলেন।
এ ব্যাপারে বীর মুক্তিযোদ্ধা মীর এনায়েত হোসেন মন্টু বলেন, আমার পরিবার আওয়ামীলীগ পরিবার। আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের দিক নির্দেশনা, স্থানীয় আওয়ামীলীগ ও এর সহযোগি সংগঠনের নেতাকর্মী ও এলাকার সাধারণ জনগনের সঙ্গে পরামর্শ করেই আমি স্বতন্ত্র এমপি প্রার্থী হিসেবে মনোয়নপত্র সংগ্রহ করেছি। এছাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকেও পদত্যাগপত্র জমা দিয়েছি। আশা করছি আমি বিপুল ভোটের মাধ্যমে এমপি নির্বাচিত হয়ে এলাকার উন্নয়ন করে যাবো ।


