মীর আনোয়ার হোসেন টুটুল
দক্ষিণ আফ্রিকায় আমিনুর সিদ্দিকী নামে এক বাংলাদেশী ব্যবসায়ীকে সন্ত্রাসীরা মাথায় গুলি করে হত্যা করেছে। হত্যার পর ব্যবসা প্রতিষ্ঠান থেকে নগদ টাকা ও মালামাল লুটে নেয় সন্ত্রাসীরা। গতকাল শুক্রবার (৫ ডিসেম্বর) দক্ষিণ আফ্রিকার লিম্পুপুর শহরে আমিনুর সিদ্দিকীর ব্যবসা প্রতিষ্ঠানে এ হত্যার ঘটনা ঘটে। আমিনুর সিদ্দিকীর পিতার নাম মো. আজিজ সিদ্দিকী। গ্রামের বাড়ি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ৮ নং ভাদগ্রাম ইউনিয়নের গোড়াইল গ্রামে। তার স্ত্রী, এক ছেলে ও দুই কন্যা সন্তান রয়েছে। নির্মম এ হত্যার ঘটনায় তার পরিবারসহ পুরো এলাকা জুড়ে বইছে শোকের মাতম।
আজ শনিবার গোড়াইল গ্রামের বাসিন্দা শিপলু জানান, আমিনুর সিদ্দিকী দীর্ঘ দিন ধরে দক্ষিণ আফ্রিকায় ব্যবসা করেন। দক্ষিণ আফ্রিকায় জিম্বাবুয়ের শহরের সীমান্তবর্তী এলাকা লিম্পুপুর শহরে আকাশ সুপারশপ নামের ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ছিলেন আমিনুর সিদ্দিকী। গতকাল শুক্রবার গভীর রাতে একদল সন্ত্রাসী ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে তার মাথায় গুলি করে হত্যার পর পালিয়ে যায়। এ সময় ব্যবসা প্রতিষ্ঠানের নগদ টাকাসহ মালামাল লুটে নেয় অস্্রধারীরা বলে আমিনুরের বন্ধুরা জানিয়েছেন। তার লাশ দেশে আনার প্রক্রিয়া চলছে বলে স্বজনরা জানিয়েছে।
এদিকে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশী ব্যবসায়ী আমিনুর সিদ্দিকীর হত্যার ঘটনায় গোড়াইল গ্রামের বাসিন্দা ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক সাবেক এমপি এবং টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের বিএনপির মনোনীত এমপি প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী তার পরিবারে প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।







