মির্জাপুরে ইমন হত্যা মামলায় সাবেক মন্ত্রী রাজ্জাকের ফাঁসির দাবীতে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক
টাঙ্গাইলের মির্জাপুরে কোটা সংস্কার বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে কলেজ ছাত্র ইমন হত্যা মামলায় সাবেক কৃষিমন্ত্রী ও আ.লীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক ভোলাকে পাঁচদিনের রিমান্ডে আনার খবর ছড়িয়ে পরলে তাকে ফাঁসির দাবীতে বিক্ষোভ মিছিলসহ প্রতিবাদ সমাবেশ হয়েছে। বিক্ষোভকারীরা এ সময় মির্জাপুর থানার প্রধান ফটক ভেদ করে থানার ভিতরে ঢোকার চেষ্টা করে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে এনেছেন। গতকাল শুক্রবার বিকেলে মির্জাপুর থানার সামনে এ ঘটনা ঘটে। মির্জাপুর থানায় গতকাল শুক্রবার থেকে সাবেক মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক ভোলার এই রিমান্ড শুরু হয়েছে।
পুলিশ জানায়, নিহত ইমন গোপালপুর উপজেলার হেমনগর ইউনিয়নের নলিন মন্ডল বাড়ী এলাকার জুলহাস মিয়ার ছেলে। তিনি অলোয়া মনিরুজ্জামান খান বিএম কলেজ থেকে ২০২৩ সালে এইচএসসি পাস করে হেমনগর ডিগ্রি কলেজে ভর্তি হন। ইমন গোড়াই এলাকায় একটি পোষাক কারখানায় কাজ করতেন। গত ৪ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক সংলগ্ন মির্জাপুর উপজেলার গোড়াই হাইওয়ে থানার সামনে তাদের শান্তিপুর্ণ কর্মসূচী চলছিলো। তখন একদল দুস্কৃতিকারী হাইওয়ে থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এসময় গোপালপুর এলাকার কলেজ ছাত্র ইমন গুলিবিদ্ধ হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ আগষ্ট ইমন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। এই ঘটনায় ইমনের ভাই সুমন বাদী হয়ে গত ১৯ আগষ্ট মির্জাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় সাবেক মন্ত্রী ড. আব্দুর রাজ্জাককে প্রধান আসামী করা হয়। গত ১৪ অক্টোবর ঢাকা মহনগর গোয়েন্দা পুলিশ ড. আব্দুর রাজ্জাককে গ্রেপ্তার করে।
গত ১১ নভেম্বর আব্দুর রাজ্জাককে টাঙ্গাইলে মির্জাপুর আমলী আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করা হলে বিচারক ইসমত আরা পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন। গতকাল শুক্রবার টাঙ্গাইল কারাগার থেকে ড. আব্দুর রাজ্জাককে মির্জাপুর থানায় পাঁচ দিনের রিমান্ডে আনা হয়েছে। এদিকে গতকাল শুক্রবার দুপুরে সাবেক মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক ভোলাকে মির্জাপুর থানায় রিমান্ডে আনা হলে উপজেলা বিএনপি ও এর সহযোগি সংগঠনের নেতাকর্মী এবং কোটা সংস্কার বৈষম্যবিরোধী ছাত্র-জনতা বৈষম্যেিবারোধী সংগঠনের নেতারা তার ফাঁসির দাবীতে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাস এলাকা থেকে বের হয়ে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ এবং পরে মির্জাপুর থানার প্রধান ফটক ভেদ কের থানার ভিতরে ঢোকার চেষ্টা করে। পরে খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছেন।
এদিকে বিক্ষোভ মিছিল নিয়ে পরে বাইপাস এলাকায় প্রতিবাদ সমাবেশ করে। এ সময় বক্তব্য রাখেন যুবদলের নেতা গোলাম মোস্তফা জীবন, স্বেচ্ছাসেবক দলের নেতা ওয়াজেদ মৃধা, ছাত্রদলের নেতা আরিফুল ইসলাম স্বপন ও কোটা সংস্কার বৈষম্যবিরোধী ছাত্র সংগঠনের প্রধান সমন্ময়ক ইমন সিদ্দিকী প্রমুখ। প্রতিবাদ সমাবেশে সাবেক মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক ভোলার ফাঁসির দাবীসহ ইমন হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত সময়ের মধ্যে গ্রেফতারের দাবী জানানো হয়।
উল্লেখ যে, কলেজ ছাত্র ইমন হত্যা মামলায় সাবেক মন্ত্রী ও আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ড. আব্দুর রাজ্জাক ছাড়াও সাবেক মন্ত্রী আহসানুল ইসলাম টিটু, সাবেক এমপি খান আহমেদ শুভ, তানভীর হাসান ছোট মনি, হাসান ইমাম খান সোহেল হাজারী, ছানোয়ার হোসেন, জোয়াহেরুল ইসলাম জোয়াহের, আমানুর রহমান খান রানা ও অনুপম শাজাহান জয়, মির্জাপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি মীর শরীফ মাহমুদ, সাধারণ সম্পাদক ব্যারিষ্টার তাহরীম হোসেন সীমান্ত, আওয়ামীলীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য ও ডোহাতলী গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে সাবেক চেয়ারম্যান মো. শরিফুর রহমান শরিফ, টাঙ্গাইল পৌরসভার মেয়র এস এম সিরাজুল ইসলাম আলমগীর, টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সহসভাপতি গোলাম কিবরিয়া বড় মনি, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আশরাফুজ্জামান স্মৃতি, সাংগঠনিক সম্পাদক জামিলুর রহমান মিরন, সাইফুজ্জামান সোহেল, মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মীর শরীফ মাহমুদ, সাধারণ সম্পাদক ব্যারিস্টার তাহরীম হোসেন সীমান্তসহ ১৫৭ জনের নামসহ অজ্ঞাতনামা আরও ৫০০ জন আওয়ামীলীগ নেতার নাম রয়েছে। মামলার পর থেকেই তারা আত্নগোপনে চলে গেছে।

  • সাপ্তাহিক বারবেলা ডেস্ক

    Related Posts

    ৭ মে ছিল মির্জাপুর গণহত্যা দিবস , কুমুদিনী পরিবার ও হাসপাতালে নানা আয়োজন

    টাঙ্গাইলের মির্জাপুর ও দেলদুয়ার এলাকা দুই গৃহবধুর মরদেহ উদ্ধার

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *