মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে বাঁশতৈল ইউনিয়নের সোনালিয়া চকবাজার গ্রামে ছাগল কান্ডে বাড়িতে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেওয়ার ঘটনায় মুভি বাংলার মির্জাপুর প্রতিনিধি কথিত সাংবাদিক সাব্বির আহমেদ, গায়রাবেতিল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিকদার মো. মোশারফ হোসেন ও বিএনপির নেতাকর্মীসহ ৫৫ জনের নামে দুইটি মামলা হয়েছে। পুলিশ তিন জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলেন, গায়রাবেতিল গ্রামের কবির হোসেনের ছেলে নাঈম হোসেন (২৫), একই গ্রামের সবুজ (৫০) এবং বাবুল (৪০)। দুটি পক্ষই পাল্টাপাল্টি মামলা দেওয়ায় এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।
আজ বৃহস্পতিবার (১ মার্চ) মির্জাপুর পুলিশ ও স্থানীয়রা জানায়, গত ১৪ এপ্রিল বাঁশতৈল ইউনিয়নের সোনালিয়া গ্রামের গিয়াস উদ্দিনের কলা বাগানে তারই চাচা আকবর আলীর ছাগল যাওয়াকে কেন্দ্র করে দুই জনের মধ্যে বাকবিত-া হয়। বাকবিত-ার এক পর্যায়ে হামলার শিকার হন আকবর আলী (৬৫)। মাথায় গুরুতর আঘাতপ্রাপ্ত হয়ে আশংকাজনক অবস্থায় ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। ওই ঘটনায় গিয়াস উদ্দিনসহ ৫ জনের নামে মির্জাপুর থানায় মামলা দায়ের হয় এবং ওই রাতেই দুই জন আসামিকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন মামলাটির তদন্তকারী কর্মকর্তা উপ পরিদর্শক রাশেদুজ্জামান। বাঁশতৈল ইউনিয়নের সোনালিয়া চকবাজার গ্রামে গিয়াস উদ্দিনসহ জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবিতে ঘটনার পরের দিন মানববন্ধন করে এলাকাবাসী। মানববন্ধন শেষে উত্তেজিত জনতার একটি অংশ গিয়াস উদ্দিনের বাড়িতে হামলা ও অগ্নি সংযোগ করে। বিক্ষুব্দ জনতার আগুনে গিয়াস উদ্দিনের বাড়ির দুইটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এই ঘটনার গিয়াস উদ্দিনের পুত্রবধু জাকিয়া আক্তার বাদী হয়ে অর্ধশতাধিক ব্যক্তিকে আসামী করে মির্জাপুর থানায় মামলা করেন। মামলা দায়েরের পর রাতেই পুলিশ গায়রাবেতিল থেকে তিন জনকে গ্রেপ্তার করে।
এদিকে এই ঘটনায় মির্জাপুর থানায় মামলার পর টাঙ্গাইল কোর্টে আরও একটি মামলা দায়ের করেন গিয়াস উদ্দিন। এই মামালয় মুভি বাংলার মির্জাপুর প্রতিনিধি সাব্বির আহমেদ, গায়রাবেতিল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিকদার মো. মোশারফ হোসেন, বাঁশতৈল ইউনিয়ন যুবদলের সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম আক্কাছ, ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি রানাসহ ৫৫ জনকে আসামী করা হয়েছে।
মামলার আসামী মুভি বাংলার কথিত মির্জাপুর প্রতিনিধি সাব্বির আহমেদ ও গায়রাবেতিল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিকদার মো. মোশারফ হোসেন বলেন, পুর্ব শক্রুতার জের হিসেবে মিথ্যা ও সাজানো অভিযোগ দিয়ে আমাদের নামে মামলা দায়ের করেছেন যার কোন ভিত্তি নেই। মুভি বাংলার কথিত সাংবাদিক প্রতিনিধি সাব্বির আহমেদ বলেন, ঘটনার সময় ভিডিও ধারন করে লাইফ করেছিলাম। এই অপরাধে আমাকে মামলার আসামী করা হয়েছে। গিয়াস উদ্দিনের বিরুদ্ধে একাধিক মামলাসহ এলাকায় নানা অভিযোগ রয়েছে। বর্তমানে তিনি ওয়ারেন্টভুক্ত আসামী হয়েও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। পুলিশ তাকে গ্রেফতার করছে না। আমরা এই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীসহ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
এ ব্যাপারে মামলার বাদী জাকিয়া আক্তার ও গিয়াস উদ্দিনসহ তার পরিবার বলেন, মামলায় যাদের আসামী করা হয়েছে তারা উস্কানি দিয়ে বাড়িতে অগ্নিসংযোগ করে ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে। এ জন্য তাদের আসামী করা হয়েছে।
এ ব্যাপারে মির্জাপুর থানার ওসি মোশারফ হোসেন বলেন, বাঁশতৈল ইউনিয়নের সোনালিয়া চকবাজার এলাকায় ছাগলকান্ডে আসামীর বাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় দুই পক্ষই পাল্টাপাল্টি মামলা দায়ের করেছেন।। এই ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছ্। দুটি মামলার তদন্ত চলছে।







