মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে খোলা বাজার ও দোকান থেকে সরকারী খাদ্যবান্ধব কর্মসুচীর তিন টন চাল উদ্ধার করা হয়েছে। আজ সোমবার ২৫ আগস্ট রাতে উপজেলার জামুর্কি ইউনিয়নের জামুর্কি বাজারের একটি দোকান থেকে এ চাল উদ্ধার করা হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার এ বি এম আরিফুল ইসলাম, সহকারী কমিশনার (ভুমি) মো. তারেক আজিজ, মির্জাপুর উপজেলা সরকারি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হুমায়ুন কবীর, মির্জাপুর সেনা ক্যাম্পের কমান্ডার এবং মির্জাপুর থানা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে খাদ্যবান্ধব কর্মসুচীর এ চাল উদ্ধার করেন।
এ ব্যাপারে মির্জাপুর উপজেলা নির্বাহী অফিসার এ বি এম আরিফুল ইসলাম রাতে জানান, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন জামুর্কি বাজারে সরকারী খাদ্যবান্ধব কর্মসুচীর বিপুল পরিমান চাল দোকানে মজুত এবং খোলা বাজারে বিক্রি হচ্ছে। এমন সংবাদ পেয়ে রাতেই সেনাবাহিনী ও পুলিশ নিয়ে অভিযান পরিচালনা করেন। এ সময় খোলা বাজার ও দোকানে মজুত রাখা ২৯০০শ কেজি (প্রায় তিন টন) চাল উদ্ধার করা হয়। ঘটনার সঙ্গে জড়িত কেউ গ্রেফতার হয়নি। এ বিষয়ে জামুর্কি ইউনিয়ন খাদ্যবান্ধব কর্মসুচীর ডিলার মো. ফিরোজ আলম মোক্তারকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
এ বিষয়ে মির্জাপুর উপজেলা সরকারি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হুমায়ুন কবীর বরেন, অভিযানের সময় খোলা বাজার ও দোকানে মজুত রাখা ২৯০০শ কেজি (প্রায় তিন টন) চাল উদ্ধার করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের নির্দেশক্রমে আগামীকাল মঙ্গলবার উপজেলা খাদ্য কর্মকর্তার সহযোগিতায় তদন্ত কমিটি গঠন করা হবে। ঘটনার সঙ্গে যারা জড়িত প্রমানিত হবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এখন পর্যন্ত কোন মামলা হয়নি।
এদিকে জামুর্কি ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসুচীর আওতায় হত দরিদ্রদের মাঝে কম দামে চাল বিক্রির জন্য সরকারি ভাবে দুই জন ডিলার নিয়োগ হলেও চাল বিক্রি নিয়ে নয়চয় হওয়ার অভিযোগ রয়েছে।







