মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে নিখোঁজ হওয়ার ১৯ দিন পার হলেও উদ্ধার হয়নি সপ্তম শ্রেণীর স্কুল ছাত্র সীমান্ত মিয়া (১৩)। একমাত্র পুত্র সন্তানকে না পেয়ে পরিবারে চলছে আহাজারি। সন্তানকে না পেয়ে অসহায় মা-বাবার কান্নায় চার পাশের বাতাস ভারি হয়ে আসছে। মির্জাপুর থানায় অভিযোগ করার পরও পুলিশ নিখোঁজ হওয়া সীমান্তকে কোন সন্ধান করতে পারেননি। আজ বুধবার (১০ সেপ্টেম্বর) সীমান্তের দাদা মিরাজ মিয়া এ তথ্য জানিয়েছেন।
জানা গেছে, মির্জাপুর উপজেলার ৮ নং ভাতগ্রাম ইউনিয়নের ইচাইল ধল্লাপাড়া গ্রামের শাহআলম মিয়ার ছেলে সীমান্ত হোসেন। সীমান্ত কুরনী জালাল উদ্দিন উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র। গত ২৪ আগস্ট সীমান্ত বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজির পরও সীমান্তের কোন হদিস করতে পারেনি তার পরিবার। সীমান্ত নিখোঁজ হওয়ার পর বিষয়টি গত ৩ সেপ্টেম্বর মির্জাপুর থানায় অভিযোগ করেন তার দাদা মিরাজ মিয়া। অভিযোগ পাওয়ার পর তাকে উদ্ধারের জন্য চেষ্টা চালায় মির্জাপুর থানা পুলিশ । ১৯ দিন পার হলেও পুলিশ তার কোন সন্ধান করতে বা উদ্ধার করতে পারেনি। পুত্রকে না পেয়ে তার বাবা ও মা বার বার মুর্চা যাচ্ছেন। তারা বুক চাপরে বার বার বলছে তোমরা আমার বুকের মানিক কলিজার টুকরাকে সীমান্তকে ফিরিয়ে এনে দাও।
এ ব্যাপারে সীমান্তর বাবা শাহআলম মিয়া বলেন, গত ১৯ দিন ধরে আমার কলিজার টুকরা নিখোঁজ। আমাদের ধারনা অপরাধীরা আমার পুত্রকে তুলে নিয়ে গেছে। আমি আমার ছেলেকে যে কোন উপায়ে ফিরে পেতে চাই। আমরা পুলিশসহ প্রশাসনের কর্মকর্তাদের নিকট আকুল আবেদন করছি সন্তানকে ফিরিয়ে দিতে।
এ ব্যাপারে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ রাসেদুল ইসলাম বলেন, নিখোঁজ স্কুল ছাত্র সীমান্তর পরিবার থেকে একটি অভিযোগ পাওয়া গেছে। অভিযোগের পর পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা চলছে তাকে উদ্ধারের জন্য।







