মীর আনোয়ার হোসেন টুটুল
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট অভিযান চালিয়ে তিন মাদক কারবারিকে আটক করে প্রত্যেককে 6 মাস করে কারাদন্ড প্রদান করেছেন। আজ সোমবার রাতে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা সদরের পৌরসভার পুষ্টকামুরী সওদাগরপাড়া এলাকায় অভিযান পরিচালিত হয়। দন্ডপ্রাপ্ত মাদক কারবারিরা হচ্ছে পুষ্টকামুরী সওদাগর পাড়া এলাকার আব্দুল আজিজ মিয়ার ছেলে ইউসুফ মিয়া (২২), সরফ আলীর ছেলে রবিউল ইসরাম (৩২) এবং মটর আলীর ছেলে রাশেদ (৩০)।
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার ভুমি ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট তারেক আজিজ এবং পুলিশ জানান, দন্ডপ্রাপ্ত মাদক কারবারিরা দীর্ঘ দিন ধরে এলাকায় মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল। গোপন সংবাদ পেয়ে রাতে অভিযান পরিচালনা করে মাদকসহ তাদের গ্রেফতার করা হয়। পরে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ধারায় তাদের প্রত্যেককে 6 মাসের কারাদন্ড প্রদান করে পুলিশে সোপর্দ করা হয়। তাদের এ অভিযান চলমান থাকবে বলে নির্বাহী ম্যাজিষ্ট্রেট তারেক আজিজ জানিয়েছেন।
এ ব্যাপারে মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, দন্ডপ্রাপ্ত মাদক কারবারিদের জেল হাজতে পাঠানোর প্রস্তুতি চলছে।







