মীর আনোয়ার হোসেন টুটুল
বিএনপির জাতীয় জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও টাঙ্গাইল-০৭ মির্জাপুর আসনের নির্বাচিত সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকীকে মির্জাপুর শহীদ ভবানী প্রসাদ সাহা সরকারি কলেজের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ সোমবার কলেজের শহীদ ভবানী প্রসাদ সাহা রবি মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজের অধ্যক্ষ মো. ওছমান গনি অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। এ সময় প্রধান অতিথি আবুল কালাম আজাদ সিদ্দিকী তার বক্তব্যে বলেন, এই কলেজে আমার অনেক স্মৃতি জড়িত। এই কলেজ থেকেই আমার রাজনীতির হাতেখড়ি। কলেজের প্রতিটি ইট, দেয়াল ও দরজা-জানাল আমার চেনা। তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। শিক্ষক, শিক্ষার্থী, শিক্ষার মানউন্নয়ন, খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চায় মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এবং বর্তমান সরকারের মন্ত্রী-এমপিগন নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্যেশে তিনি বলেন, একজন ভাল শিক্ষক তার শ্রম, মেধা ও প্রঙ্গা দিয়ে একটি আদর্শ জাতি উপহার দিতে পারেন। সমাজ গঠন ও আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠতে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগি হওয়ার জন্য তিনি নির্দেশ দেন। এ সময় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এড. আব্দুর রউফ, সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ, পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা, সাধারণ সম্পাদক এস এম মহসীন, সিনিয়র সহসভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর আলী আযম সিদ্দিকী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ডি এম শফিকুল ইসলাম ফরিদসহ উপজেলা বিএনপি ও এর সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ এবং কলেজের শিক্ষক-কর্মচারী এবং শিক্ষার্থীগন উপস্থিত ছিলেন। পরে প্রধান অতিথিকে কলেজের পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়।






