মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে মাদ্রাসা পড়–য়া ছাত্রী ১৪ বছরের কিশোরী ছেলেতে রুপান্তরিত হয়েছে। এ নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কিশোরী থেকে ছেলেতে রুপান্তরিত হওয়ায় তাকে এক নজর দেখার জন্য বিভিন্ন এলাকা থেকে শতশত নারী পুরুষ ভিড় করছে। মির্জাপুর উপজেলার দুই নম্বর জামুর্কি ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের আগধল্যা গ্রামে এ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান ডি এ মতিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন তার ইউনিয়নের আগধল্যা গ্রামে এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। বাড়িতে তাকে এক নজর দেখার জন্য উৎসুক জনতা ভিড় করছে বলেও তিনি উল্লেখ করেন।
আজ বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে ঐ বাড়িতে সরেজমিন ঘুরে দেখা গেছে বিভিন্ন এলাকা থেকে শিশু-কিশোরসহ ছাত্র-ছাত্রী এবং বিভিন্ন বয়সের শতশত নারী পুরুষ ভিড় করছেন। গ্রাম পুলিশ সদস্য মজনু মিয়া জানান, আগধল্যা গ্রামের প্রবাসি বাদশা খলিফার কন্যা নিনমী আক্তার (১৪) দেওহাটা বালিকা মাদ্রাসার ছাত্রী। তারা তিন বোন। দীর্ঘ দিন ধরে সে দেওহাটা ও সাটিয়াচড়া বালিকা মাদ্রাসায় আবাসিক থেকে আরবী লাইনে লেখাপড়া করেছে। নিনমীর নানা ইব্রাহিম খলিফা ও চাচা সোলাইমান খলিফা জানায়, গত কয়েক মাস ধরে নিনমীর শরীরের বিভিন্ন অঙ্গ-প্রতঙ্গ পরিবর্তন আসতে দেখা দেয়। লোকলজ্জার ভয়ে নিনমী মাদ্রাসা থেকে বাড়িতে চলে আসে। বিষয়টি পারিবারিক ভাবে গোপন রেখে বিভিন্ন স্থানে চিকিৎসকদের পরামর্শ নেন। গত দুই তিন মাস ধরে নিনমী বাড়িতে নিজের ঘরের মধ্যেই থাকতো। গত দুই দিনের ব্যবধানে তার শরীরের বিভিন্ন অঙ্গ ছেলেদের মত হয়ে যায়। গতকাল বুধবার নিনমীকে বাজারে সেলুনে নিয়ে মাথার চুল ছোট করে কেটে ছেলেদের মত করেন। নিনমী থেকে তার নাম রাখা হয় নুরনবী। নুরনবী এখন পায়জামা, পাঞ্চাবি ও মাথায় টুপি পরে যখন মসজিদে নামাজ পড়তে এবং মাঠে খেলাধুলা করতে যায় বিষয়টি এলাকায় ছড়িয়ে পরলে হৈ-চৈ পরে এবং ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এই ঘটনা এবং নুরনবীকে দেখার জন্য বিভিন্ন এলাকা থেকে শতশত লোকজন নুরববীতে বাড়িতে ভিড় করছে।
এ ব্যাপারে নুরনবীর নানা ইব্রাহিম খলিফা বলেন, ওর বাবা বিদেশে থাকে। ওরা তিন বোন ছিল। এখন একজন ছেলে হয়ে গেল। ওর মা বাবা এবং আমরা সবাই খুঁশি। কেন এমন হলো এর কোন উত্তর দিতে পারেননি। তাদের একটাই কথা সব কিছুই আল্লাহ করেছেন।
এ ব্যাপারে মির্জাপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফরিদুল ইসলাম বলেন, বৈজ্ঞানিক বা চিকিৎসা বিজ্ঞানীদের মতে ট্রানজেন্টার হরমোন বা সার্জারি, জন্মগত জৈবিক ক্রমোজোম এবং হরমোন পরিনত জন্মগত ও জৈবিক ভিন্নতা ইন্টার সেকের কারনে সন্তান ছেলে থেকে মেয়েতে এবং মেয়ে থেকে ছেলেতে রুপান্তরিত হতে পারে।







