মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে আজগানা ইউনিয়নের খাটিয়ারঘাট বাজারে দোকানপাট আগুনে পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাত সারে বারটার দিকে বাজারে আগুনের সুত্রপাত হয়। আগুনে বাজারে চারটি হোল সেলারের দোকান পুড়ে এই ক্ষতি হয়।
আজ মঙ্গলবার আজগানা ইউনিয়ন পরিষদের এক নম্বর ওয়ার্ড মেম্বার মো. আব্দুল কাদের সিকদার জানান, গতকাল সোমবার দিবাগত রাত সারে বারটার দিকে হঠাৎ করে বাজারে আগুনের সুত্রপাত হয়। খবর পেয়ে দমকল বাহিনী ও স্থানীয় লোকজন চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে এনেছেন। আগুনে এলাকার প্রতিষ্ঠিত ব্যবসায়ী ও হোল সেলার ফারুক হোসেন, সোহরাব মিয়া ও রাসেলসহ চার জন ব্যবসায়ীর দোকান সম্পুর্ন পুড়ে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়।
এদিকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও স্থানীয় সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকীর নির্দেশে আজগানা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল গণি বোখারি, সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন ও থানা বিএনপির যুগ্ম সম্পাদক জসিম উদ্দিনসহ বিএনপির নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন ও ক্ষতিগ্রস্থ্য ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে সহযোগিতার আশ^াস দিয়েছেন। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকী এমপি এবং উপজেলা নির্বাহী অফিসার খান সালমান হাবীব ক্ষতিগ্রস্থ্য ব্যবসায়ীদের সহায়তা দেওয়া হবে বলে জানিয়েছেন।







