মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে গত কয়েক দিন ধরে টানা বৃষ্টিতে বিভিন্ন এলাকা এবং শিক্ষা প্রতিষ্ঠানে দেখা দিয়েছে জলাবদ্ধতা। জলাবদ্ধতার কারনে দুর্ভোগে পরেছে হাজার হাজার শিক্ষার্থী। উপজেলার বরাটী নরদানা বাংলাদেশ উচ্চ বিদ্যালয়, বাইমহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুরনী জালাল উদ্দিন উচ্চ বিদ্যালয়, মহেড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সিবিএ সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের খেলার মাঠে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় দুর্ভোগের শিকার হচ্ছে কোমলমতি শিক্ষার্থী ও শিক্ষকগন। এসব প্রতিষ্ঠানে একটু বৃষ্টি হলেই মাঠে জমে কখনো হাটু পানি আবার কখনো কোমর পানি। জলাবদ্ধতার কারনে কোমলমতি শিক্ষার্থীদের পাঠদানে মারাত্বক সমস্যার সৃষ্টি হচ্ছে।
আজ বৃহস্পতিবার (৯ জুলাই) উপজেলার বেশ কয়েকটি বিদ্যালয়ে খোঁজ নিয়ে দেখা গেছে বৃষ্টিতে বিদ্যালয় মাঠে জলাবদ্ধতার চিত্র। ১৯৪৮ সালে লৌহজং নদীর তীর সংলগ্ন মনোরম পরিবেশে বরাটী নরদানা বাংরাদেশ উচ্চ বিদ্যালয়টি প্রতিষ্ঠা হয়। সহকারী শিক্ষক মো. আবু মোতালেব মিয়া ও ক্রীড়া শিক্ষক সঞ্জয় চন্দ্র সাহা জানান, ৬ষ্ঠ শ্রেণী থেকে ১০ম শ্রেনী পর্যন্ত শিক্ষার্থী রয়েছে ৭৫০ জন। পড়াশোনার মান সন্তোষ জনক। বিদ্যালয়টির এখন মুল সমস্যা হচ্ছে খেলার মাঠে জলাবদ্ধতা। একটু বৃষ্টি হলেই মাঠে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে পাঠদানসহ খেলাধুলার মারাত্বক সমস্যার সৃষ্টি হচ্ছে। এই জলাবদ্ধতা কখনো কখনো স্থায়ী রুপ ধারন করে। পানি নিষ্কাশনের একটি ড্রেন নির্মান ও বিদ্যালয়টির উন্নয়নসহ খেলার মাঠ ভরাট জোর দাবী তাদের। একই অবস্থা বাইমহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুরনী জালাল উদ্দিন উচ্চ বিদ্যালয়, মহেড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং সিবিএ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার খান সালমান হাবীব ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. জুলফিকার হায়দার বলেন, গত কয়েক দিন ধরে টানা বৃষ্টির কারনে বিভিন্ন এলাকার রাস্তাঘাট এবং শিক্ষা প্রতিষ্ঠানের মাঠে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। উর্ধ্বতন কতৃপক্ষের সঙ্গে পরামর্শ ও অর্থ বরাদ্ধ প্রাপ্তি সাপেক্ষে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর খেলার মাঠ ভরাট, পানি নিষ্কাশনের জন্য ড্রেন নির্মানসহ সার্বিক সহযোগিতা করা হবে।







