মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে বন্ধুদের সঙ্গে বংশাই নদীতে নৌকা নিয়ে ঘুরতে এসে পিকনিকের নৌকায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে দুই বন্ধু নিহত হয়েছে। নিহতরা হলো শেরপুর জেলার হাসমত মিয়ার ছেলে জিকুল হোসেন (১৮) এবং রংপুর জেলার বাসিন্দা সাজ্জাত হোসেন (১৯)। আহত হয়েছে এক নারীসহ অপর চার বন্ধু। গতকাল বৃহস্পতিবার রাতে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটেছে।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন জানান, গতকাল বৃহস্পতিবার গাজীপুর জেলার ভাওয়াল মির্জাপুর এলাকা থেকে ২৫-৩০ জনের একটি দল (বন্ধুরা) মিলে একটি ইঞ্চিত চালিত স্যালু নৌকা নিয়ে বংশাই নদীতে ঘুরতে এসেছিল। তারা মহেড়া জমিদার বাড়ি ঘুরে ফতেপুর স্কুলের ঘাট থেকে ফেরার পথে গভীর রাতে বংশাই নদীর ফতেপুর ইউনিয়নের থলপাড়া এলাকায় নদীর উপর এলামেলো ভাবে বিদ্যুতের তারে জড়িয়ে নৌকায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ৬ বন্ধু গুরুতর অহত হয়। খবর পেয়ে পুলিশ. ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজনের সহায়তায় আহতদের উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালের চিকিৎসকগন জিকুল ও সাজ্জাতকে মৃত্যু ঘোষনা করেন। এক নারীসহ আহতদের চিকিৎসা চলছে। এদের মধ্যে দুই জনের অবস্থা আশংকা জনক বলে চিকিৎসকগন জানিয়েছেন। আইনী প্রক্রিয়া শেষে নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে মির্জাপুর থানার তদন্তকারী কর্মকর্তা মাহমুদুল হাসান জানিয়েছেন।







