মীর আনোয়ার হোসেন টুটুল
খানা খন্দকে ভরা দুর্ভোগের অপর নাম টাঙ্গাইলের মির্জাপুরে গোড়াই-সখীপুর আঞ্চলিক রোড। ভাঙ্গা চোরা সড়কে যানবাহন আটকে সৃষ্টি হচ্ছে জনদুর্ভোগ। গত কয়েক দিন ধরে টানা বৃষ্টিতে হাটুভাঙ্গা থেকে সখীপুর পর্যন্ত এই ২৭ কিলোমিটার রাস্তায় খানা খন্দক সৃষ্টি হয়ে কোথায় হাটু পানি আবার কোথাও কোমর পানি পর্যন্ত জমেছে। সংস্কারের অভাবে সড়কটি এখন মরণ ফাঁদে পরিনত হয়েছে।
আজ রবিবার (১৯ জুলাই) সড়কে খোঁজ নিয়ে দেখা গেছে করুণ চিত্র। এই রোডেনিয়মিত চলাচলকারী ভুক্তভোগি যাত্রীরা অভিযোগ করেন, সড়ক ও জনপথ বিভাগের অধিনে গোড়াই-সখীপুর রোড অত্যান্ত জনগুরুত্বপুর্ন রাস্তা। এই সড়ক দিয়ে বাসাইল, ঘাটাইল, মির্জাপুর, মধুপুরসহ কয়েকটি উপজেলার জনসাধারণ চলাচল করে আসছে। সড়কের গোড়াই, সৈয়দপুর, হাটুভাঙ্গা, বেলতৈল, হোসেন মােের্কট, বাঁশতৈল, পেকুয়া, তালতলা, কাইতলা, তক্তারচালা, দেওদিঘী ও নলুয়াসহ বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে ছোট বড় অসংখ্য গর্ত। কোথাও কোথাও সড়কের উপর থেকে পিচ ঢালাই উঠে বড় বড় গর্তের সৃষ্টি হয়ে জলাবদ্ধতা হয়েছে। যানবাহন চলাচল করতে গিয়ে রাস্তার উপর ছোট বড় গর্তে আটকে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট ও জনদুর্ভোগ। গগনমাধ্যমকর্মী মাসুদুর রহমান মাসুদ, স্কু‹ুল শিক্ষক মো. আনিছুর রহমান, কলেজ শিক্ষক হাফিজুর রহমান ও ব্যবসায়ী ইব্রাহীম মিয়াসহ অনেকেই অভিযোগ করেন, গোড়াই-সখীপুর রোড দিয়ে স্কুল কলেজের শিক্ষার্থী ছাড়াও কয়েকটি উপজেলার প্রতিদিন হাজার হাজার মানুষ যাতায়াত করে আসছে। রাস্তাটি দীর্ঘ দিন ধরে কোন সংস্কার ও মেরামত না হওয়ায় দিন দিন আরও খারাপ হচ্ছে। বাঁশতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল দেওয়ান ও আজগানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের সিকদার অভিযোগ করেন, ভাঙ্গাচোরা সড়কে কোথাও হাটু পানি আবার কোথাও কোমর পানি জমে আছে। যানবাহন চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত আটকে যাচ্ছে। ফলে সৃষ্টি হচ্ছে যানজট ও জন দুর্ভোগ। বর্ষা মৌসুম এলেই জনদুর্ভোগ আরও বেড়ে যায়। রাস্তাটি দ্রুত সংস্কারের জন্য টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী এড আহমেদ আযম খান এবং টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকীসহ সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তাদরে নিকট একাধিকবার অনুরোধ করেছেন। তারপওর জনগুরুত্বপুর্ন রাস্তাটির উন্নয়ন হচ্ছে না। গোড়াই-সখীপুর রোডটি দ্রুত সময়ের মধ্যে সংস্কারের জোর দাবী এই দুই জনপ্রতিনিধির।
এ ব্যাপারে সড়ক ও জনপথ বিভাগ মির্জাপুর অফিসের উপবিভাগীয় প্রকৌশলী মো. রুহুল আজম বলেন, একটানা বৃষ্টিতে গোড়াই-সখীপুর আঞ্চলিক সড়কের বিভিন্ন অংশে ভেঙ্গে গর্ত ও খানা খন্দক সৃষ্টি হয়েছে। বর্ষা মৌসুম এলে এমন অবস্তা হচ্ছে। সড়কটি পরিদর্শন করে প্রকল্প তৈরী করে অর্থ বরাদ্ধ চেয়ে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বরাদ্ধ পেলে এই সড়কটি দ্রুত সংস্কার কাজ করা হবে।







