মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে তিন ফসলি জমিতে অবৈধভাবে গড়ে উঠা অনুমোদনহীন ছয় ইটভাঁটায় অভিযান চালিয়ে কাঁচা ইট ধ্বংস ও ভাটা গুড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। সেইসাথে ছয় ভাটায় ২৪ লাখ টাকা জরিমানা ও ভাটা গুলি অনির্দিষ্টকালের জন্য বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল ১০টা থেকে বিকেল পর্যন্ত চলে অভিযান। অভিযানের এই নির্দেশ দেন পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমি। এ সময় সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্বিসের সদস্যগন উপস্থিত ছিলেন।
এ সময় টাঙ্গাইল জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মিয়া মাহমুদুল হক, সহকারী পরিচালক সজীব কুমার ঘোষ, পরিদর্শক বিপ্লব কুমার সুত্রধর, মির্জাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার বেলায়েত হোসেন, পুলিশ এবং মির্জাপুর সেনা ক্যাম্পের সদ্যরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, পরিবেশ অধিদপ্তরের নির্দেশনা অমান্য করে ছারপত্র ছাড়া তিন ফসলি জমির ওপর উপজেলার বহুরিয়া গ্রামে আরবিসি ব্রিকস, এমএসবি ব্রিকস, বাটা ব্রিকস, এইচইউবি ব্রিকস, গোড়াই ইউনিয়নের মীর দেওহাটা গ্রামে সনি ব্রিকস ও বাইমাইল গ্রামে বিএন্ডবি ব্রিকসসহ সাতটি ইটভাঁটা নির্মাণ করে ইট তৈরী ও পোড়ানো হচ্ছিল। এর একটি ইটভাটায় কমপক্ষে ১৫ থেকে ২০ একর আবাদী জমি ব্যবহার করা হয়েছে বলে জানা গেছে। এই অবৈধ ইটভাঁটার বিষয়টি জানতে পেয়ে পরিবেশ অধিদপ্তর বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে উল্লেখিত ওই ছয় ইটভাঁটার অভিযান পরিচালনা করেন। অভিযানে পরিবেশ অধিদপ্তর ঢাকা সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমি প্রত্যেক ইটভাঁটার মালিককে চার লাখ টাকা করে জরিমানা করেন। অবৈধ ভাঁটাগুলোর একাংশ ভেকু মেশিন দিয়ে ভেঙে ফায়ার সার্ভিস সদস্যদের মাধ্যমে পানি দিয়ে আগুন নেভানো হয়। পরে ওই ইটভাঁটাগুলোতে ইট প্রস্তুত ও পোড়ানো অনিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
এ ব্যাপারে টাঙ্গাইল জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মিয়া মাহমুুদুল হক বলেন, মির্জাপুরে অবৈধভাবে গড়ে উঠা ইটভাঁটাগুলো আগেই পরিদর্শন করে এর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পরিবেশ অধিদপ্তরের ইনফোর্সমেন্ট শাখায় সুপারিশ পাঠানো হয়েছিল। আজ বৃহস্পতিবার পরিবেশ অধিদপ্তর ঢাকা সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ছয়টি ইটভাঁটায় অভিযান পরিচালনা করে চার লাখ করে ২৪ লাখ টাকা জরিমানা করেছেন। এছাড়া ভাঁটাগুলোতে ইট প্রস্তুত ও পোড়ানো বন্ধ ঘোষণা করেছেন তিনি।







