মীর আনোয়ার হোসেন টুটুল
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইলের মির্জাপুরে মহাসড়কে উল্টে যাওয়া আলু ভর্তি ট্রাক সরানোর সময় অপর এক ট্রাকের চাপায় ইলিয়াস হোসেন (৪২) নামে এক শ্রমিক নিহত হয়েছে। মহাসড়কে কাজ করার সময় গোড়াই হাইওয়ে থানার ওসি, পুলিশ ও ব্যবসায়ীসহ আহত হয়েছেন ৬ জন।
গতকাল শুক্রবার দিবাগত গভীর রাতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর বাইপাস এলাকার আন্ডারপাসের উপরে এই দুর্ঘটনা ঘটে। হাইওয়ে থানার ওসি মাসুদ খান, আহত তিন পুলিশ সদস্য ও দুই আলূ ব্যবসায়ীকে কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত শ্রমিক ইলিয়াসের (৪২) বাড়ি রংপুর জেলার বদরগঞ্জ উপজেলায় গুলজার মিয়ার ছেলে বলে জানা গেছে।
আহতরা হলেন, মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার ওসি মাসুদ খান , সার্জেন্ট খাইরুল ইসলাম ও কনস্টেবল রাশেদুল ইসলাম এবং হারুন অর রশিদ, আলু ব্যবসায়ী আল আমিন ও তুষার।
পুলিশ জানান, রংপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী আলু ভর্তি একটি ট্রাক রাত দুইটার দিকে মহাসড়কের ওইস্থানে পৌছালে নিয়ন্ত্রন হারিয়ে মহাসড়কের আন্ডারপাসের উপর উল্টে যায়। ফলে মহাসড়কে যান চলাচল বিঘœ ঘটে। খবর পেয়ে গোড়াই হাইওয়ে থানার ওসির নেতৃত্বে তিন পুলিশ সদস্য শ্রমিক নিয়ে আলু ভর্তি উল্টে যাওয়া ট্রাক মহাসড়ক থেকে সরানোর কাজ শুরু করেন। রাত তিনটার দিকে টাঙ্গাইল থেকে ছেড়ে আসা গাজীপুর গামী অপর একটি ট্রাক মহাসড়কের ওইস্থানে এসে পুলিশ, ব্যবসায়ী ও শ্রমিকদের চাপা দেয়। এতে পুলিশ, ব্যবসায়ী ও শ্রমিকসহ ৭ জন আহত হয়।আহতদের কুমুদিনী হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শ্রমিক ইলিয়াসকে মৃত ঘোষণা করেন। ট্রাকটি আটক করা হলেও ট্রাকের চালক পালিয়ে গেছে বলে পুলিশ জানিয়েছেন।
এদিকে শনিবার বেলা সাড়ে ১২টা পর্যন্ত পুলিশ মহাসড়ক থেকে দুর্ঘটনা কবলিত ট্রাক সরানোর কাজ করায় আন্ডারপাসের উপর দিয়ে যান চলাচল বন্ধ থাকে। পরে যান চলাচল স্ভাভাবিক হয়।
এ ব্যাপারে গোড়াই হাইওয়ে থানারর ওসি মাসুদ খান ও উপপরিদর্শক (এসআই) সিরাজুল ইসলাম বলেন, নিহতের লাশ আইনী প্রক্রিয়া শেষে পরিবারের নিকট হস্তান্তর করা হবে। ট্রাকের চাপায় আহত ওসিম সার্জেন্ট, দুই কনস্টেবল ও দুই আলু ব্যবসায়ী কুমুদিনী হাসপাতালে চিকিৎসাধীন







