মীর আনোয়ার হোসেন টুটুল
টাঙ্গাইলের মির্জাপুরে মাকে খুনের পর থানায় এসে আত্নসমর্পনের চেষ্টা করলে রাস্তা থেকে ঘাতক ছেলেকে পুলিশ গ্রেফতার করেছেন। গতকাল শুক্রবার রাতে অমানবিক এই খুনের ঘটনাটি ঘটেছে মির্জাপুর উপজেলার ০৬ নং আনাইতারা ইউনিয়নের ০৩ নং ওয়ার্ডের মশাজান গ্রামে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু হয়েছে। মাকে খুনের পর রাত তিনটায় মির্জাপুর থানায় এসে আত্নসমর্পনের চেষ্টা করলে কুতুবপুর এলাকা থেকে ঘাতক ছেলে ইউনুস মন্ডলকে (২৫) পুলিশ গ্রেফতার করে। ছেলের হাতে খুনের শিকার ফুলমালা বেগম (৬০) ওই গ্রামের মৃৃত সিরাজ উদ্দিনের স্ত্রী। আজ শনিবার ২৬ জুলাই আনাইতারা ইউনিয়ন পরিষদের তিন নং ওয়ার্ড মেম্বার মো. আব্দুল হামিদ মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন। গত ১৭ দিনের ব্যবধানে মির্জাপুরে তিনটি খুনের ঘটনায় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্থানীয়দের মধ্যে আতংকসহ উদ্বেগ দেখা দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ইউপি মেম্বার মো. আব্দুল হামিদ মিয়া জানান, ঘাতক ইউনুস মন্ডল কৃষি কাজ করে জীবিকা নির্বাহ করে। বাড়িতে তার এক ভাই ও মা থাকেন। কৃষি কাজ শেষ করে গতকাল শুক্রবার রাতে সে বাড়িতে আসে। বাড়িতে আসলে তার মা তাকে বাড়ির অন্য একটি কাজ করতে বলেন। এতে ইউনুস মায়ের উপর ক্ষিপ্ত হয়। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বসত ঘরের মধ্যে বাঁশের লাঠি দিয়ে ছেলে ইউনুস মন্ডল তার মায়ের মাথায় ৫/৬ টি আঘাত করে। লাঠির আঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মাকে খুনের পর ঘাতক ইউনুস বাড়ি থেকে পালিয়ে যায়। ঘটনাটি স্থানীয়রা জানতে পেরে মির্জাপুর থানা পুলিশকে খবর দেয়। পুলিশ রাতেই ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করেছে। অপর দিকে ঘাতক ইউনুস পালিয়ে গেলেও রাত তিনটার দিকে থানায় এসে আত্নসমর্পনের চেষ্টা করলে কুতুবপুর এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। মাকে খুনের ঘটনায় তার মেয়ে সেলিনা বেগম বাদী হয়ে ছোট ভাই ঘাতক ইউনুস মন্ডলকে আসামী করে আজ শনিবার মির্জাপুর থানায় মামলা দায়ের করেছে।
এ ব্যাপারে মির্জাপুর থানায় যোগাযোগ করা হলে মামলার তদন্তকারী অফিসার উপপরিদর্শক মো. সেলিম মিয়া বলেন, মায়ের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায় বাঁশের লাঠি দিয়ে মায়ের মাথায় আঘাত করলে তিনি মারা যান। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইউনুস মন্ডল মাকে খুনের কথা স্বীকার করেছে। মামলার পর তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। থানায় মামলা হয়েছে।
এদিকে মির্জাপুর উপজেলার তরফপুর ইউনিয়নের তরফপুর পুর্বপাড়া গ্রামে প্রভাসী ফিরোজ আল মামুন এবং ৯ জুলাই জামুর্কি ইউনিয়নের জামুর্কি গুচ্ছগ্রামে অটো রিকসা চালক ফালু মিয়া খুন হয়েছে। গতকাল ২৫ জুলাই শুক্রবার রাতে খুন হন ফুলমালা বেগম। ১৭ দিনের ব্যবধানে তিনটি খুনের ঘটনায় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে তিন খুনের ঘটনায় মামলার পর পুলিশ রহস্য উৎঘাটনসহ ঘাতকদের গ্রেফতার করতে সক্ষম হয়েছেন।







