মীর আনোয়ার হোসেন টুটুল
সরকার কর্তৃক ঘোষিত বৈষম্যহীন নবম পে-স্কেলের গেজেট প্রকাশসহ ৭ দফা দাবী বাস্তবায়নের লক্ষে কেন্দ্রীয় কমিটি কর্তৃক ঘোষিত কর্মসুচীর আওতায় টাঙ্গাইলের মির্জাপুরে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মচারীরা কর্মবিরতি পালন করে অবস্থান ও বিক্ষোভ কর্মসুচী পালন করে প্রতিবাদ সমাবেশ করেছেন। গতকাল রবিবার থেকে তারা সকাল ৯টা থেকে বেলা ১১ টা পর্যন্ত এ কর্মসুচী পালন করে যাচ্ছেন।
আজ সোমবার কর্মবিরতি পালনের পাশাপাশি উপজেলা পরিষদ ও উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে একটি বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা পরিষদ চত্তর এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক প্রদক্ষিণ করেন। পরে উপজেলা নির্বাহী অফসারের কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ করেন।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. যুবদীল খান জানান, বাংলাদেশ সরকারি কর্মচারী দাবী আদায় ঐক্য পরিষদের আহবানে সারা দেশের মত মির্জাপুরেও এ কর্মসুচী পালিত হচ্ছে।
কর্মসুচীতে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, এসিল্যান্ড অফিস, উপজেলা প্রকৌশল অফিস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়, মৎস অফিস, সমাজ সেবা অফিস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ অফিস, মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, শিক্ষা অফিস, পরিসংখ্যান অফিস, কৃষি অফিস, পৌরসভাসহ বিভিন্ন দপ্তরের কর্মচারীগন উপস্থিত ছিলেন। নবম পে-স্কেল গেজেট না হওয়া পর্যন্ত তাদের কর্মসুচী চলবে বলে তারা ঘোষনা দিয়েছেন।







