মীর আনোয়ার হোসেন টুটুল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-০৭ মির্জাপুর নির্বাচনি এলাকায় ১২৬ ভোট কেন্দ্র নিয়মিত মনিটরিং, শান্তিপুর্ন ও নির্বিগ্নে ভোট গ্রহণের লক্ষে ১২৬ ভোট কেন্দ্রেই সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। আজ রবিবার সিসি ক্যামেরা স্থাপন সম্পন্ন হয়েছে বলে উপজেলা ভারপ্রাপ্ত নির্বাচন কর্মকর্তা মো. সাজেদুল ইসলাম জানিয়েছেন।
মির্জাপুর উপজেলা নির্বাচন অফিস সুত্র জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ উপজেলায় মোট ভোটার রয়েছে ৩ লাখ ৭০ হাজার ৮২৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৮৫ হাজার ১২৩ জন এবং নারী ভোটার এক লাখ ৮৬ হাজার ৭০০ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ০৬ জন। একটি পৌরসভা এবং ১৪ ইউনিয়নে ১২৬ টি ভোট কেন্দ্রে রয়েছে। ত্রয়োদশ সংসদ নির্বাচনে টাঙ্গাইল-০৭ মির্জাপুর আসনে তিন জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করছেন। এরা হলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী (ধানের শীষ), বাংলাদেশ জামায়াতে ইসলামীর টাঙ্গাইল জেলা ও কেন্দ্রীয় নেতা আব্দুল্লাহ ইবনে আবুল হোসেন ওরফে আব্দুল্লাহ তালুকদার (দাড়ি পাল্লা) এবং বাংলাদেশ রিপাবলিকান পার্টির কেন্দ্রীয় নেতা মো. তোফাজ্জল হোসেন (হাতী)।
এ ব্যাপারে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার সুরাইয়া ইয়াসমিন বলেন, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনে মির্জাপুর উপজেলায় একটি পৌরসভা এবং ১৪ ইউনিয়নে ১২৬ টি ভোট কেন্দ্রের সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশে টাঙ্গাইল জেলা রিটার্নিং অফিসার শরীফা হকের তত্বাবধানে জেলার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ তাজুল ইসলামের তদারকির মাধ্যমে ইতিমধ্যে ১২৬ ভোট কেন্দ্রের নিয়মিত মনিটরিং, শান্তিপুর্ন ও সুষ্ঠু ভাবে ভোট গ্রহণের লক্ষে সিসি ক্যামেরা স্থাপন সম্পন্ন করেছেন। এছাড়া সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি, ফায়ার সার্ভিস ও আনসার ভিডিপির সমন্ময়ে শক্তিশালী কমিটি গঠন করা হয়েছে। ইতিমধ্যে ১২৭ জন প্রিজাইডিং অফিসার, ৭২৬ জন সহকারি প্রিজাইডিং অফিসার এবং ১৪৫২ জন পুলিং অফিসারদের নির্বাচনি প্রশিক্ষণ দেওয়া হয়েছে।







