মীর আনোয়ার হোসেন টুটুল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-০৭ মির্জাপুর আসনে জামানত হারিয়েছেন বাংলাদেশ রিপাবলিকান পার্টির এমপি প্রার্থী মো. তোফাজ্জল হোসেন (হাতী মার্কা)। তিনি পেয়েছেন এক হাজার ৯২ ভোট। জামানত হারানোর পর এ নিয়ে এলাকায় নানা সমালোচনার সৃষ্টি হয়েছে।
আজ শুক্রবার উপজেলা নির্বাচন অফিস থেকে প্রাপ্ত ফলাফল থেকে জানা গেছে, মির্জাপুর উপজেলার ১২৬ ভোট কেন্দ্রে বিএনপির প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী এক লাখ ৪১ হাজার ৩১৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্ধি বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী আব্দুল্লাহ ইবনে আবুল হোসেন ওরফে আব্দুল্লাহ তালুকদার পেয়েছেন ৭০ হাজার ২৬৭ ভোট। বিএনপির প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকী ৭১ হাজার ৫১ ভোট বেশী পেয়ে বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন। আর বাংলাদেশ রিপাবলিকান পার্টির প্রার্থী মো. তোফাজ্জল হোসেন (হাতী মার্কা) পেয়েছেন এক হাজার ৯২ ভোট। নির্বাচন কমিশনের বিধিমতে তিনি জামানত হারিয়েছেন বলে নির্বাচন অফিস জানিয়েছেন।
অপর দিকে টাঙ্গাইলে ৮ টি আসনের মধ্যে ৭ টিতে বিএনপি প্রার্থী এবং একটি আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী স্বতন্ত্র প্রার্থী এমপি নির্বাচিত হয়েছেন। টাঙ্গাইল জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার শরীফা হক বেসরকারী ভাবে এ ফলাফল ঘোষনা করেন। নির্বাচিত এমপিরা হলেন টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ি) মাহবুব আনাম স্বপন ফকির (বিএনপি), টাঙ্গাইল-২ (গোপালপুর-ভুয়াপুর) আব্দুস সালাম পিন্টু (বিএনপি), টাঙ্গাইল-৩ (ঘাটাইল) মো. লুৎফর রহমান খান আজাদ (স্বতন্ত্র), টাঙ্গাইল-৪ (কালিহাতি) মো. লুৎফর রহমান মতিন (বিএনপি), টাঙ্গাইল-৫ (সদর) সুলতান সালাউদ্দিন টুকু (বিএনপি), টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) মো. রবিউল আউয়াল লাভলু (বিএনপি), টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আবুল কালাম আজাদ সিদ্দিকী (বিএনপি) এবং টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) এড. আহমেদ আযম খান (বিএনপি)।







